ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে বসত ঘরে হামলা ও নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
হামলায় আহত কাজ্বী মোঃ নেকাব্বর (৪৫) সাংবাদিকদের অভিযোগ করে বলেন, শনিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৯ ঘটিকার সময় গরু বিক্রি করা ৮০ হাজার টাকা নিয়ে বাসায় ফিরলে কাজ্বী মোঃ মোকাম্মেল এর নেতৃত্বে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল আমার বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালিয়ে আমাদেরকে আহত করে গরু বিক্রির ৮০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায় এবং কোন প্রকার মামলা মোকদ্দমা করিলে প্রাণে মারার হুমকি প্রদান করা হয়। উক্ত ঘটনায় আহতদের মধ্যে অন্যান্যরা হলেন-নেকাব্বর কাজ্বীর স্ত্রী মোসাম্মৎ নাছিমা কাজ্বী (৩৫) এবং ছেলে পার্থ কাজ্বী (১৫)। বর্তমানে আহত সবাই বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয়ে হামলাকারী মোকাম্মেল কাজির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নেকাব্বর কাজি আমার চাচাত ভাই। আমাদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি। স্থানীয় চেয়ারম্যান-মেম্বার আমাদের বিবাদটি ভেঙে দিবেন। তারা যে সিদ্ধান্ত নেয় আমি সেটা মাথা পেতে গ্রহণ করব।
কুতবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি। মোকাম্মেল উগ্র প্রকৃতির লোক, ঝামেলাটি মিটানোর চেষ্টা করছি। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ফকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ