মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বোরহানউদ্দিনের বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসল্লীরা। শুক্রবার বার (১০ই জুন) জুমা'বাদ ভারতে বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বোরহানউদ্দিন পৌর বাজার, বোরহানগঞ্জ বাজার, হাসান নগর, কাজীর হাট, টবগী ইউনিয়ন ও বড়মানিকাসহ বিভিন্ন মসজিদের মুসল্লীরা বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা-কর্মী সহ ধর্মপ্রাণ মুসলমানেরা এ প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, বিজেপি নেতাদের অপমানজনক মন্তব্য বিশ্ব মুসলিম উম্মাহ’র কলিজায় মারাত্মক ভাবে আঘাত হেনেছে। কোটি কোটি নবী প্রেমিকের অন্তরকে ক্ষতবিক্ষত করেছে। এই অবস্থায় কোন ঈমানদার চুপ করে ঘরে বসে থাকতে পারে না। ইতিমধ্যেই মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি নেতাদের ইসলামের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য বিশ্বব্যাপী ধর্মীয় বিদ্বেষ উস্কে দিয়েছে। এ জঘন্য অপরাধের জন্য শুধু দল থেকে বহিষ্কার যথেষ্ট নয়। তাদের বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ভারতকে সমুচিত জবাব দিতে বাধ্য হবে।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবী জানান এবং এই অপকর্মের জবাবে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান তারা। মাওঃ মোঃ আবুল খায়ের হুজুরের সভাপতিত্বে ও মুফতি মাওঃ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভৈরবগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ মোঃ মফিজল ইসলাম, খাসমহল দক্ষিণ মাথা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ মোঃ মাকসুদুর রহমান ও খাসমহল উত্তর মাথা জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ শাহীন আলম।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ