ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজারে মঙ্গলবার (১৯ এপ্রিল) বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ও আমদানিকারকের স্টিকার বিহীন, বিদেশী প্রসাধনী সামগ্রী ও মেহেদি বিক্রয়ের জন্য প্রদর্শনের কারণে আনোয়ার কসমেটিকস, ভিআইপি স্টোর এবং রংয়ের ভুবন কে ৩৭ ধারায় ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মদিনা স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য প্রদর্শণ ও মূল্যতালিকা প্রদর্শণ না করার কারণে ৩৮ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এসময় উপস্থিত ব্যবসায়ীদের আসন্ন রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।

এ ব্যাপারে ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, ভোলা স্যারের সার্বিক নির্দেশনায় প্রতিনিয়তই আমরা বাজার তদারকি করে থাকি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ এপ্রিল) দৌলতখানের বাংলাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ