নিয়মিত বিদ্যালয়ে না গিয়েও প্রতি মাসে বেতন-ভাতা তুলছেন ভোলা সদর উপজেলার পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হাসান সেলিম। শুধু তাই নয় ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্কুলের পকেট কমিটি করে শিক্ষক ও ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গত মঙ্গল ও বুধবার ২ দিন বিদ্যালয়ে গিয়ে এসব তথ্য জানা গেছে। ওই সময় তাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল হাসান সেলিম কেন্দ্রীয় ও জেলার শিক্ষক সমিতির নেতা হওয়ায় ঠিকমতো বিদ্যালয়ে না গিয়ে বাইরে থেকে দালালি ও তদবির নিয়ে বেশি সময় ব্যস্ত থাকেন। শ্রেণিকক্ষে কখনও পাঠদান করেন নি তিনি। এদিকে, স্কুল শিক্ষকের এ রকম কর্মকা-ে ফুঁসে উঠেছে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় লোকজন। অপরদিকে, তার এসব অনিয়ম দুর্নীতির প্রতিকার চেয়ে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা বোর্ড, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ম্যানিজিং কমিটির সদস্য ও অভিভাবকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলা করছে। ষষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত কোন শ্রেণি কক্ষেই শিক্ষক নেই। বিদ্যালয়ে প্রায় ২০০ জন শিক্ষার্থী ও প্রধান শিক্ষকসহ ৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। কিন্তু ওই দিন শিক্ষক উপস্থিত রয়েছে মাত্র ২ জন। প্রতিটি কক্ষের ভেতরে নোংরা পরিবেশ। মনে হচ্ছে কোনদিনই ঝাড়ু দেওয়া হয় না।
এ বিষয়ে অফিস কক্ষে গেলে নাম না প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষকের কাছে প্রধান শিক্ষকের কথা জানতে চাইলে তিনি বলেন, স্যার সবসময় অফিসিয়ালসহ বিভিন্ন কাজে বাইরে ব্যস্ত থাকেন। বাইরের কাজ সেরে মাঝেমধ্যে বিদ্যালয় আসেন।
স্কুলের ৮ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, স্কুলে কোন লেখাপড়া হয় না। প্রধান শিক্ষক কয়েকমাস পরপর ১-২ বার আসেন। এছাড়া তিনি কোন দিন শ্রেণিকক্ষে পাঠদান করান না। অন্য শিক্ষকরাও ঠিকমতো কোন ক্লাসে আসেন না। তারা নিয়মিত বিদ্যালয়ে আসলেও আবার বাড়ি ফিরে যান।
পরিচালনা কমিটির সসদ্য ও স্কুলের জমিদাতা মাকসুদুর রহমান, ও স্থানীয় বেশ কয়েক জন নাম না প্রকাশে না করার শর্তে অভিভাবকদের লিখিত অভিযোগের আলোকে বলেন, বর্তমান সরকার ক্ষমতা আসার পর এ স্কুলটিকে সরকারি সকল সুযোগ সুবিদা হিসেবে আওতায় আনা হয় এবং বিদ্যালয়ের নতুন ভবন করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি স্কুলের প্রধান শিক্ষক সেলিম তিনি বিদ্যালয় না এসে সকল সুযোগ সুবিদা ভোগ করেন। প্রতিষ্ঠানটিকে তার পরিবার বানিয়ে লুটে পুটে নিচ্ছেন এবং ঢাকাতে বসে তিনি দালালি ও তদবির নিয়ে ব্যস্ত আছেন। তিনি আরো বলেন, সেলিম স্যার স্কুলের কর্মচারি নিয়োগে স্কুলের জমি দাতা, অভিভাবক সদস্য, ও সদস্যদের কাউকে না জানিয়ে পকেট কমিটির মাধ্যমে যাদের কে নিয়োগ দিবেন তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়েছেন। অভিলম্বে এই অবৈধ পকেট কমিটি করে স্কুলের কর্মচারি নিয়োগ বন্ধের দাবি জানাচ্ছি। এ সকল সুযোগ-সুবিধা নিয়েও স্কুলে ঠিকমত আসেন না প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেলিম।
স্থানীয় কয়েকজন অভিভাবক সদস্য জানান, প্রধান শিক্ষক স্কুলে না এসে সহকারি শিক্ষকদের মাধ্যমে বাড়িতে হাজিরা খাতা নিয়ে স্বাক্ষর দেন। ওই অনুযায়ী স্কুলে প্রতিদিনই তার উপস্থিতি দেখা যায়। কিন্তু গত এক যুগের মধ্যে ২ মাসও স্কুলে আসেননি তিনি। তারা আরো জানান, প্রধান শিক্ষক স্কুলে না আসায় অন্য শিক্ষকরাও দেরিতে আসেন। স্কুলে কোন লেখাপড়া হয় না। তাছাড়া প্রধান শিক্ষক সাইদুল হাসান সেলিম স্কুলে না এসে বিভিন্ন জায়গার স্কুল এমপিও ভুক্ত ও শিক্ষক বদলিসহ বিভিন্ন কাজে দালালি করে বেড়ান। রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনতিবিলম্বে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বদলি করে ভালোমানের শিক্ষক দিয়ে এসব কোমলমতি শিক্ষার্থীর ভবিষ্যৎ বাঁচানোর দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওয়ার্ড মেম্বার নোমান জানান, সেলিম স্যার স্কুলে না আসায় অন্য শিক্ষকেরাও বিদ্যালয় ঠিকমত আসেন না এবং ছাত্র/ছাত্রীদের পাঠদানও করান না। তিনি ব্যস্ত আছেন দালালি আর তদবির নিয়ে। আর স্কুলে ভুয়া কমিটি করে কর্মচারি নিয়োগে কি ভাবে ধান্দা করবেন তা নিয়ে ব্যস্ত থাকেন। উনার বিরুদ্ধে অনিয়ম আর অভিযোগের শেষ নেই। তিনি আরো বলেন, উনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ তুলে দরখাস্ত দেওয়া হয়েছে। আমি আজ ৪ মাস ইউপি সদস্য নির্বাচিত হয়েছি, কিন্তু তাকে একদিনের জন্যও ঐ বিদ্যালয় দেখতে পাই নাই।
এ বিষয় স্থানীয় চেয়ারম্যান বশির আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষক সেলিম স্যার এর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি প্রতিষ্ঠানে না এসে প্রতিমাসে বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা ভোগ করেন। স্কুলেও কোন দিন পাঠদান করতে দেখিনি তাকে। স্কুলটিকে তার পারিবারিক প্রতিষ্ঠানে রুপ দিয়েছেন তিনি। প্রধান শিক্ষক স্কুলে না এসে বাড়ি বসে পকেট কমিটি করে কর্মচারি নিয়োগের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি দালালি ও তদবির নিয়ে ব্যস্ত থাকেন সব সময় ঢাকা-ভোলাতে।
এ বিষয়ে প্রধান শিক্ষক সাইদুল হাসান সেলিম জানান, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়েছে এবং ভুল তথ্য দিয়ে আমাকে সমাজে হেয় করার চেষ্টা করছে।
উক্ত বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, ৪র্থ শ্রেনী কর্মচারি নিয়োগ ও ক্লাসে ঠিকমত আসে না এমন অভিযোগ আমি এখনো পাই নাই, পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন অভিযোগ এখনো আসে নাই, পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ