ভোলায় দীর্ঘদিন সিলিন্ডার গ্যাস থেকে গ্যাস চুরির কথা লোকের মুখে শোনা যাচ্ছিল। কম দামে গ্যাস বিক্রি করে বাজার নষ্ট করা, প্রতিপক্ষ ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে দীর্ঘদিন অবৈধভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছিল ডেলটা সিলিন্ডার গ্যাস এর ভোলার ডিলার সানাউল্লাহ এন্টারপ্রাইজ এবং আমাতুল্লাহ এন্টারপ্রাইজ। অবশেষে সাংবাদিকদের দ্বারাই উদঘাটন হলো গ্যাস চুরির প্রতারণার কৌশল। সমাজের চোখের সামনে এত বড় প্রতারণা বা চুরি হচ্ছে, যা ছিল কল্পনাতিত। এতে করে আমরা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছিলাম। আমাদের সহকর্মী শামিম আহমেদ এর দীর্ঘদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে সিলিন্ডারের ভিতরের গ্যাস চুরির মত মর্মান্তিক প্রতারণা। এতো গেল ডেলটা কোম্পানীর গ্যাস চুরির কথা।
বাজারে আরো অনেক কোম্পানীর সিলিন্ডার গ্যাস এর ব্যবসা রয়েছে। সরকার/কর্তৃপক্ষের উচিত প্রত্যেকটা কোম্পানীর সিলিন্ডার গ্যাস মেপে দেখা, যা দেওয়ার কথা কতটুকু, আর বাস্তবে আছে কতটুকু ? বাজারে ভোক্তা অধিকারের আরো বেশি সতর্ক ও নজরদারী করা প্রয়োজন।
সাধারণ মানুষ সহ ক্রেতাদের একটাই দাবী, আমরা সঠিক মূল্য দিয়ে পণ্য কিনবো, সেখানে যদি পরিমাপ, ওজন কম থাকে; এরচেয়ে চুরি বা প্রতারণা আর কি হতে পারে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ওজনে, মাপে কম দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। আর তাদেরকে সেল্টার দিচ্ছে কিছু বাটপার সাংবাদিক, প্রশাসনের অসাধু কর্মকর্তা এবং কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
যেভাবে উদঘাটন হলো সিলিন্ডার থেকে গ্যাস চুরির ঘটনা : আমাদের সহকর্মী শামিম আহমেদ দীর্ঘদিন যাবত সিলিন্ডার গ্যাস চুরির রহস্য উদঘাটনের চেষ্টা করে যাচ্ছেন। এরইমধ্যে এক ক্রেতা তাকে জানান ভোলা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সানাউল্লাহ এন্টারপ্রাইজের ডেলটা গ্যাস সিলিন্ডারে গ্যাস কম। তাৎক্ষণিক শামিম সানাউল্লাহ’র ডেলটা, ওমেরা, বসুন্ধরাসহ বেশ কয়েকটি কোম্পানী’র গ্যাস মাপেন। তাতে কিছু কিছু কোম্পানীর সিলিন্ডারযাত গ্যাসের বোতলে কম-বেশী গ্যাস থাকার প্রমাণ মিলে। কিন্তু ডেলটা মাপতে গিয়ে দেখা যায় তাতে ২ কেজি ৭শ’ গ্রাম-ই কম। ডেলটা কোম্পানীর এ ধরনের চুরির ঘটনায় উপস্থিত সকলেই হতবাক হয়ে যান।
কিন্তু দেখা যায়, সিলিন্ডারযাত গ্যাসের বোতলে উপরের অংশে (সিলিন্ডারের ওজন) লেখা থাকে আর নীচের অংশে (গ্যাসের ওজন) লেখা থাকে। যার কারণে প্রতারণার সুযোগ থাকে। বাস্তবে এরকম বড় ধরনের প্রতারণা দেখে তিনি তাৎক্ষণিক ভোলা জেলা ভোক্তা অধিকার কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। তাদের আসতে দেরী দেখে শামিম কয়েকটি কোম্পানীর গ্যাস সিলিন্ডার এবং ওজন মাপারযন্ত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখানে এনডিসিসহ কয়েকজন ম্যাজিষ্ট্রেট পুনরায় গ্যাস সিলিন্ডারগুলো মাপেন। তাতে দেখা যায় ডেলটা কোম্পানীর গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিমান যতটুকু থাকার কথা, ততটুকু নেই। এমনকি অন্যান্যগুলোর চেয়ে ডেলটাতে সবচেয়ে বেশি কম। সঙ্গে সঙ্গে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ইউসুফ হাসান এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬ ধারায় অভিযান পরিচালনা করে শহরের সানাউল্লাহ এন্টারপ্রাইজ এবং আমাতুল্লাহ এন্টারপ্রাইজ নামের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভোক্তা অধিকারের নেতৃবৃন্দ জানান, আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ