দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্ররা দেশে ও আন্তর্জাতিকভাবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের যে উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে তা বিনষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে সোমবার (১১ অক্টোবর) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ধর্মী সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকতার বিকল্প নেই। অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সম্মিলিত বাংলাদেশ ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের সংগ্রাম আওয়ামী লীগ করে যাচ্ছে। চলমান এ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের আগে, সরকারের ধারাবাহিকতার ব্যত্যয় ঘটলে এদেশের ভাগ্যে আবারো ২০০১ সালের কালো দিন নেমে আসবে। আমরা আর সেদিনে ফিরতে চাই না। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে শতভাগ মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করতে চান। এ লড়াইয়ে আপনাদের সহযোগিতাও প্রয়োজন।
মহানবী ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা রাসুল (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিব্রতকর মন্তব্যের মাধ্যমে বিব্রান্তি ছড়ায় তারা কোনো ধর্মের, দলের বা গোত্রের হতে পারে না এরা কুচক্রী মহলের সদস্য। দেশের চলমান অগ্রগতি রুখতে এরা বিভিন্ন সময় দেশের কিছু কিছু জায়গায় এমন কান্ড ঘটায়। সরকার এদের ব্যাপারে নজরদারি বৃদ্ধি করেছে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে। আইসিটি মন্ত্রনালয় এ ব্যাপারে তৎপর রয়েছে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়ে দেশের চলমান ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তাদের বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর হস্তে দমন করা হবে।
ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এ সরকারের আমলে বরাবরই সংখ্যালঘু ধর্মের মানুষ নিরাপদ। ভোলার প্রত্যেকটি মন্ডপে এবছরও নির্বিঘ্নে দুর্গা উৎসব হবে। সব ধর্মের উৎসবে এ সরকার নিরাপত্তা দিয়ে আসছে। এটাই আওয়ামী লীগের ধর্ম। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি ধর্মের মানুষ নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে স্ব-স্ব উৎসব পালন করবে এ নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনারা নিজেদের মতো শারদীয় উৎসব পালন করবেন। সরকার ও আওয়ামী লীগ আপনাদের পাশে আছে।
জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহমেদ, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা বৃন্দ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ