জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ভোলায় স্যাপ বাংলাদেশের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহায়তায় সাউথ এশিয়া পার্টনারশীপ বাংলাদেশের আয়োজনে যুব ফোরাম ও শিশু ফোরামের অংশগ্রহণে রবিবার (১১ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর, ভেদুরিয়া ও শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্যাপ বাংলাদেশের কর্মকর্তারা বলেন এই উদ্যোগটি যুব নেতৃত্ব পরিচালনায় ইতিবাচক পরিবর্তন বিশেষ করে মেয়ে শিশুর নিরাপদে বেড়ে ওঠা, বাল্য বিয়ের হাত থেকে রক্ষা ও যুব নারী যাতে নিজের সক্ষমতা দিয়ে নিজের জীবন ও আশেপাশের পৃথিবীকে পরিবর্তন করতে পারে যাতে যুব ও মেয়ে শিশু সমানভাবে ক্ষমতাবান হবে অনলাইনে বা পাবলিক প্লেসে তাদের সমান স্বাধীনতা ও অধিকার থাকবে। এসময় মানববন্ধনে এই সমাজের প্রভাবশালী নেতৃবৃন্দের মেয়ে শিশু এবং যুব নারীদের পাশে থেকে তাদের সাহায্য ও সহযোগিতার জন্য জোরালো দাবি জানানো হয়।
পরে নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে প্রতিটি ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাম্প্রতিক ঘটনাবলী যেমন ধর্ষণ, নারী ও শিশু বিশেষ করে মেয়ে শিশুর প্রতি যে নির্যাতন অত্যাচার তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
পুরো প্রোগ্রামটি সমন্বয় করেন স্যাপ বাংলাদেশ ভোলার প্রোগ্রাম ম্যানেজার শিউলী বিশ্বাস ও সহযোগিতায় ছিলেন স্যাপ বাংলাদেশের কর্মীবৃন্দ।
প্রসঙ্গত, একই দাবিতে গত ৯ ও ১০ অক্টোবর ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা, ধনিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে সাউথ এশিয়া পার্টনারশীপ বাংলাদেশ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ