ধর্ষণের প্রতিকার ও দ্রুত বিচার প্রক্রিয়া তরান্বিত করতে স্বতন্ত্র তদন্ত সংস্থা এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সারাদেশের প্রত্যেকটি ধর্ষণের সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা।

ভোলা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান হৃদয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুম মুনিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরে আনজুম, ইমতিয়াজ আহমেদ, ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী আরেফিন, বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী তাহসিন প্রমূখ।
এছাড়া, শিক্ষার্থীদের এই কর্মসূচির সঙ্গে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শফিকুল ইসলাম সফি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

বক্তারা বলেন, বিচারের ধীরগতিই সারাদেশে অস্বাভাবিক ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। তাই ধর্ষণের প্রতিকার ও প্রতিরোধ করার লক্ষ্যে সরকার ও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে আজ আমরা রাজপথে দাড়িয়েছি। আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ন্যায়সঙ্গত বিচার পাওয়ার দাবিগুলো আমলে নিয়ে এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় মানববন্ধন থেকে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা, ধর্ষণের বিচার দ্রুত করার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা এবং ১০০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ