চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন : পুলিশ সুপার
নির্বাচিত হলে এলাকার জন-আকাঙ্খা পূরণ করা হবে : হাফিজ ইব্রাহিম

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, নির্বাচিত হলে এলাকার জন-আকাঙ্খা পূরণ করা হবে। ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, গৃহস্থালী কাজে আমাদের গ্যাস ক্ষেত্রের গ্যাস এলাকার মানুষের ঘরে পৌঁছে দেয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিধ্যেই আপনারা রাষ্ট্রনায়ক তারেক রহমানের ভোলা-বরিশাল সেতু নির্মাণের ঘোষণার কথা শুনেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। ভোলা-২ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মাহফুজুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপি’র উপদেষ্টা আল এমরান খোকন, দৈনিক খবর পত্রের সম্পাদক ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খাঁন, আহবায়ক শহিদুল আলম নাছিম, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম প্রমুখ। জনসভায় হাজার হাজার নেতা-কর্মীসহ সাধারণ ভোটারের উপস্থিতি দেখা যায়।
