চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন : পুলিশ সুপার
দেশে একটি বিশেষ মহল শান্তিপূর্ণ নির্বাচন চায় না : মেজর হাফিজ

মো: সামিরুজ্জামান/জাহিদ দুলাল ॥
এই দেশে একটি বিশেষ মহল শান্তিপূর্ণ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, যেসব রাজনৈতিক দল মনে করে জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ নেই, তারাই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারের একটি মহল এসব অপচেষ্টায় তাদের মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব শক্তি প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাসী নয়। তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই—এটা উপলব্ধি করেই তারা নির্বাচন পণ্ড করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ধরনের অপতৎপরতার পেছনে প্রতিবেশী একটি রাষ্ট্রের ইন্ধন রয়েছে বলেও তিনি দাবি করেন।
মেজর হাফিজ বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী এবং সচেতন। জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। এর মধ্য দিয়েই বাংলাদেশ আগামীতেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, এই সরকারের মেয়াদ আর মাত্র কয়েক সপ্তাহ। এ সময় দীর্ঘমেয়াদি কোনো চুক্তি করা শোভনীয় নয়। নির্বাচিত সরকারই ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেবে। সরকারের এমন তৎপরতাকে জনগণ ভালো চোখে দেখছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত।
