বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
নারী হেনস্তার প্রতিবাদে বোরহানউদ্দিনে জামায়াতের নারী শাখার মানববন্ধন

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
নির্বাচনী প্রচারণাকালে নারীদের প্রতি হেনস্তা, কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে থানার মোড় এলকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নারীদের বাধা প্রদান, হেনস্তা ও অশালীন আচরণ করছে, যা গভীর উদ্বেগজনক। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নারীরা সম্মান ও নিরাপত্তা পাবে-এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে নারীর প্রতি সহিংসতা ও অপমানজনক আচরণ বেড়েই চলছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি হ্যাক করে নারীদের বিষয়ে অশালীন মন্তব্য জুড়ে দিয়ে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হলেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
মানববন্ধনে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় সংঘটিত নারীর প্রতি হেনস্তার কয়েকটি ঘটনার বিবরণ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-২৯ জানুয়ারি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে, ৩০ জানুয়ারি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে, ১ ফেব্রুয়ারি চরপাতা, কুতুবা ও টবগী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণাকালে নারীদের অশালীন ভাষায় গালিগালাজ ও হেনস্তার অভিযোগ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, নির্বাচনী প্রচারণায় নারীদের অংশগ্রহণ তাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার। পরিকল্পিতভাবে নারীদের বাধা দেওয়া, কটূক্তি করা ও ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় প্রশাসনের কাছে ৩ দফা দাবি জানানো হয়। দাবীগুলো হলো-১) নারী হেনস্তার প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত। ২) দোষীদের দ্রুত আইনের আওতায় আনা। ৩) ভবিষ্যতে নির্বাচনী প্রচারণায় নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নারীদের ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। নারীরা কোনোভাবেই দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়। এসব ঘটনার পুনরাবৃত্তি হলে আইনসম্মত ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখা হবে। মানববন্ধন থেকে দেশবাসী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়—নারীর মর্যাদা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর।
