সর্বশেষঃ

বিএনপি ক্ষমতায় এলে নাগরিক অধিকার ও কৃষকের ন্যায্যতা নিশ্চিত হবে : নুরুল ইসলাম নয়ন

মনপুরা প্রতিনিধি ॥
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় ফ্যামিলি কার্ড চালু করে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। একই সঙ্গে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার ও বীজ সরবরাহ এবং ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে ভোলার মনপুরা উপজেলার দুর্গম কলাতলী চরে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। বিএনপি ক্ষমতায় এলে কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণ এবং চরাঞ্চলে বসবাসকারী ভূমিহীন মানুষের মাঝে স্থায়ীভাবে জমি বন্দোবস্ত প্রদান করা হবে। তিনি বলেন, বিএনপি সরকার চরবাসীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনির বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি দরিদ্র রোগীদের জন্য সিপিপি আয়োজিত একটি চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজ-খবর নেন।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনপুরা ও চরফ্যাশন উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।