সর্বশেষঃ

ভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন, নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্ত

সাইফুল ইসলাম/মো: হাবিবুল্লাহ ॥
ভোলা তথা বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী উদ্যোগের সূচনা হয়েছে। এই প্রথম ভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন করা হয়েছে। যা নিরাপদ ও মানসম্মত দুধ বিপণনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটিএম মিল্কবুথটি স্থাপন করা হয়েছে ভোলা সদর উপজেলার থানা চত্বরে, যেখানে স্থানীয় দুগ্ধ উদ্যোক্তা মোঃ ইউসুফকে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
এ উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে আরএমটিপি প্রকল্পের আওতায় ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ উপ-প্রকল্পের মাধ্যমে। প্রকল্পটির অর্থায়নে রয়েছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। এই এটিএম মিল্কবুথের মাধ্যমে ভোক্তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারিত দামে ভেজালমুক্ত, নিরাপদ ও পাস্তুরিত দুধ সংগ্রহ করতে পারবেন। এতে একদিকে যেমন ভোক্তারা স্বাস্থ্যসম্মত দুধ পাওয়ার নিশ্চয়তা পাবেন, অন্যদিকে স্থানীয় দুগ্ধ খামারি ও উদ্যোক্তাদের জন্য সৃষ্টি হবে ন্যায্যমূল্য ও টেকসই বাজার ব্যবস্থা।
প্রাণি সম্পদ বিভাগসহ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এটি ভোলায় একটি পাইলট উদ্যোগ হিসেবে চালু করা হয়েছে। সফল হলে ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চলে এটিএম মিল্কবুথ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও আধুনিক বিপণন ব্যবস্থার ক্ষেত্রে এটিএম মিল্কবুথ একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। এর মাধ্যমে দুধের গুণগত মান রক্ষা পাবে এবং ভোক্তা ও উৎপাদকের মধ্যে আস্থা আরও সুদৃঢ় হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।