সর্বশেষঃ

তজুমদ্দিনের শাকিল হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করলো র‌্যাব

স্টাফ রিপোর্টার :

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে পাওনা মাত্র ৬০০ টাকা নিয়ে বিরোধের জেরে মো. শাকিল মিস্ত্রি (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. তামিম হোসেন (২০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার ভাটারা থানা এলাকার ১০০ ফিট সড়কের একটি প্লট থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তামিম তজুমদ্দিন উপজেলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. সেলিমের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ জানুয়ারি বিকেলে দক্ষিণ আড়ালিয়া গ্রামে ক্রিকেট খেলা চলাকালে পাওনা টাকা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। আসামি তামিমের কাছে নিহত শাকিলের ছোট ভাই রাকিবের ৬০০ টাকা পাওনা ছিল। টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় শাকিল সেখানে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে তামিমকে চড় মারেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওইদিন সন্ধ্যায় স্থানীয় একটি কেরানির দোকানে টেলিভিশন দেখার সময় শাকিলের ওপর অতর্কিত হামলা চালায় তামিম। পেছন থেকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আহত শাকিলকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারি ভোরে তিনি মারা যান। নিহত শাকিল পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় নিহতের বাবা মো. ইউনুস বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ঘাতক তামিম এলাকা ছেড়ে পালিয়ে ঢাকার ভাটারা এলাকায় আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তজুমদ্দিন থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।