আগামীকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন এ ঘোষণা দেবেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান। আবুল ফজল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশনারগণ। বঙ্গভবনে এ সাক্ষাতে সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাক্ষাৎকালে নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে রাষ্ট্রপতিকে জানিয়েছেন সিইসি। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। এ সাক্ষাৎ অনুষ্ঠানের পর সিইসি এএমএম নাসির উদ্দিন তফসিলের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন। পরে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ৩০০ আসনে ভোটের তফসিল ঘোষণা করা হবে। সীমানা নিয়ে আদালতের দেওয়া রায়ের কারণে কোনো অসুবিধা হবে না। এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ‘৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট’ অনুষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।