তারেক রহমানের জন্মদিনে ভোলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ভোলা সদর পৌর ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকালে ভোলা পৌরসভা দক্ষিণ চরনাবাদের ৫নং ওয়ার্ডের মাদরাসায়ে উমর ইবনুল খাত্তাব (রাঃ) মাখরাজু তাহফিজুল কুরআন নূরানী ও নাজরা হিফজ বিভাগের শিক্ষার্থীদের হাতে নূরানী কায়দা, কলমসহ বিভিন্ন ইসলামী শিক্ষা উপকরণ তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এ সময় ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, ভোলা পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুন্না ও মোঃ আরমান, নির্বাহী সদস্য আলভি রিমেল, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সম্পাদক অতিক ইসলাম, ৬নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ শহীদ, ছাত্রনেতা নাইম ইসলাম, আবির সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রনেতারা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে ছাত্রদল ভবিষ্যতেও মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে তাঁর নেতৃত্বে দেশ পরিচালিত হবে এবং তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।