সর্বশেষঃ

ভোলায় জামায়াত প্রার্থীর শোডাউন

স্টাফ রিপোর্টার ॥ ভোলা-১ সদর আসনে শোডাউন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। শনিবার (১৫ নভেম্বর) সকালে শত শত নেতা-কর্মীদের নিয়ে মোটরসাইকেল (হোন্ডা) আর গাড়ী বহর নিয়ে ভোলার ইলিশা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের শোভাযাত্রাকে সকল করতে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের জামায়াতের নেতা-কর্মীরা কাক ডাক ভোরে ইলিশা জংশন এলাকায় জড়ো হন। এরপর সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি ভোলা-ইলিশা সড়ক দিয়ে ভোলা শহরের দিকে আসতে থাকে। এ সময় গুরুত্বপূর্ণ বাজার এবং রাস্তার দু’পাশে স্থানীয় জনগণ তাকে শুভেচ্ছা জানান। এরপর শহরের ইলিশা ইলিশ ফোয়ারা, নতুন বাজার, সদর রোড, কালিনাথ রায়ের বাজার, খেয়াঘাট, বাগমারা ব্রীজ, বাংলাবাজার হয়ে পুনরায় শহরের সরকারী স্কুল মাঠে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন
ভোলা-১ আসনের জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণকে সাথে নিয়েই আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সরকার গঠন করবে। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে। চাঁদাবাজি, লুণ্ঠন আর নির্যাতনের মত শব্দগুলো বাংলাদেশের মাটি থেকে উঠে যাবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব সরকারই জনগণের শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জনগণকে পুঁজি করে নিজেদের আখের গুছিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে জনগণকে সাথে নিয়ে এ সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
গণভোটের বিষয়ে নজরুল ইসলাম বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। সরকারকে গণভোট দিতে বাধ্য করা হবে।


নজরুল ইসলাম দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যেই মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। জুলাই বিপ্লবের পর এদেশের মানুষ জামায়াতে ইসলামীর কাছ থেকে যে ধরনের ভূমিকা প্রত্যাশা করেছেন তা পুরোপুরি পূরণে সচেষ্ট রয়েছেন জামায়াত। ইতিপূর্বে বাংলাদেশে জামায়াতের ২জন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। এক পয়সার দুর্নীতির প্রমাণ করতে পারেনি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। আগামী দিনেও দেশ পরিচালনায় জামায়াতের কাছ থেকে দুর্নীতির পরিবর্তে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ উপহার পাবে।
মটর শোভাযাত্রা শেষে ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, জেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার বেলায়ত হোসেন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, পৌরসভা আমির জামাল উদ্দিন, জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক আমির হোসেন, পৌর সেক্রেটারি আতাউর রহমান, পৌর নায়েবে আয়েবে আমির রুহুল আমিনসহ জামায়াতে ইসলামীর শত শত নেতা-কর্মীরাগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।