সর্বশেষঃ

জামায়াত রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় : হাফিজ ইব্রাহিম

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, আওয়ামীলীগের দোসর জামায়াত রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। ইনশাআল্লাহ তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না। মানুষ এখন অনেক সচেতন; তাদেরকে এ সুযোগ দিবে না। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ভোলার দৌলতখানে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম বলেন, জামায়াত পথহারা পাখির মতো। ১৯৮৮ ও ১৯৮৬ সালে আওয়ামীলীগের সাথে জোট করে ভোট করেছিল। বনিবনা হয়নি বলে ২০০১ সালে বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল; ব্যর্থ হয়েছে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে । বেকারত্ব দূর করতে ১ কোটি যুবককে চাকুরী দেওয়া হবে।
উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হেনা রিয়াজ ও যুবদল নেতা জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজাহান সাজু, উপজেলা ওলামা দলের সম্পাদক মাও: সাদ্দাম, কৃষক দলের নেতা আলমগীর মাস্টার, যুবদল নেতা আব্বাস উদ্দিন জাবেদ প্রমুখ। সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।