লালমোহনে খালের ভাঙনে বিলীন সড়ক, পুন:নির্মাণের দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার ॥ ভোলার লালমোহন উপজেলায় খালের ভাঙনে বিলীন হয়ে গেছে একটি পাকা সড়ক। পৌরসভার ৯নং ওয়ার্ডের স্বর্ণালী সড়ক থেকে লাঙ্গলখালী এলাকার ওই সংযোগ সড়কটি খালের তীব্র স্রোতের ফলে প্রায় ১৫ বছর আগে ভেঙে বিলীন হয়ে যায়। এরপর থেকে চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন ওই এলাকার মানুষজন। সড়কটি পুন:নির্মাণের জন্য এরআগে বহুবার আশ্বাস পেয়েও বাস্তবায়ন দেখেননি ভুক্তভোগী এলাকাবাসী। যার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে সড়কটি পুন:নির্মাণের দাবি জানিয়ে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছেন স্থানীয় কয়েকশ ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নিয়ে মাওলানা সিদ্দিকুর রহমান নামে এক মাদরাসা শিক্ষক বলেন, বহু বছর আগে খালের তীব্র স্রোতের ফলে সড়কটি ভেঙে পড়ে যায়। এরপর থেকে এই এলাকার মানুষজন অনেক কষ্ট করে চলাফেরা করছেন। খালে জোয়ার থাকলে তখন আর কোনোভাবেই চলাফেরা করা যায় না। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুন:নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা মীর ফরিদ উদ্দিন জানান, সড়কটি খালের তীব্র ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় আমাদের এই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। এলাকার কোনো বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে তার জন্য একটি অ্যাম্বুলেন্সও আনা যায় না। এলাকার কোমলমতি শিশুদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতেও চরম সমস্যা হয়। যার ফলে তাদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। এ ছাড়া এলাকাবাসীর জরুরি প্রয়োজনে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয়। এ জন্য শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি পুন:নির্মাণের দাবি করছি।
মানববন্ধনে অংশগ্রহণ করে লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ করিম লিটন বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এই সড়কটি পুন:নির্মাণের জন্য বহুবার আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাস বছরের পর বছর চলে গেছে। বাস্তবে সড়কটি সংস্কার বা মেরামতের জন্য কোনো ধরনের উদ্যোগ নেয়া হয়নি। যার কারণে আমরা বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছি। তবে এখন স্বৈরাচারী সেই আওয়ামী লীগ নেই। তাই আশা করছি এখন আমাদের এলাকার এই সড়কটি সংস্কার বা পুন:নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
