পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা : বরিশাল রেঞ্জ ডিআইজি

ডেস্ক রিপোর্ট ॥ যে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভোলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যেকোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। সব অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং এটাই সত্য। তিনি আরো বলেন, পুলিশের হাত আর নিচু হবে না। মাদক দমনে এখন থেকে পুলিশের ব্যাপক অভিযান চলবে। মাদকের গডফাদারদেরকেও ধরা হবে। মাদকমুক্ত বাংলাদেশে হবে। এছাড়া দুর্গাপূজার বিষয়ে তিনি বলেন, হিন্দু ভাই-বোনেরা নিশ্চিন্তে তাদের দুর্গাপূজা করবে। আপনারা বাংলাদেশের গর্বিত নাগরিক। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।
তিনি আরো বলেন, আমরা সবাই মিলে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ, বিভাজন মুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবো। এসময় তিনি বাংলাদেশ পুলিশ, সাংবাদিক, সুধীজন এবং জনগণ সবাই মিলে একসাথে করে কাঙ্খিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শরীফ, ভোলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশীদ, আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক, ইউনুছ শরীফ, আহাদ চৌধুরী তুহিন, সাহাদাত শাহিন, আফজাল হোসেন, ভোলা টাইমস সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
