ভোলায় যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভেদুরিয়া ৩নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ১১নং চরভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম চরকালির খেয়াঘাট ব্রীজের পশ্চিমাংশে ব্রীজের নিচে র‌্যাব-৮ ও ভোলা সদর মডেল থানার যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে ঝোপঝাড়ের ভিতর থেকে ১টি সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর ২টি দেশীয় তৈরি একনলা কাঠের হাতল বিশিষ্ট ট্রিগারযুক্ত পাইপগান (অবৈধ আগ্নেয়াস্ত্র) যার প্রতিটি হাতলসহ দৈর্ঘ্য ৩০.৫ সেন্টি মিটার এবং সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো ৪টি খালি ম্যাগাজিন, যার প্রতিটির দৈর্ঘ্য ১০.৫ সেন্টি মিটার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাত দেড়টার দিকে আলামতসমূহ জব্দতালিকা মূলে জব্দ করা হয়। আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিন সমূহ র‌্যাব কর্তৃক নিজেদের হেফাজতে গ্রহন করা হয় এবং আলামতসমুহকে বা কারা ঘটনাস্থলে ফেলে গেছে সে সংক্রান্তে তথ্য সংগ্রহের চেষ্টা এবং ঘটনাস্থলের আশপাশ এলাকায় অবৈধ আরো আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে আরো অভিযান পরিচালনা শেষে উপরে উল্লেখিত জব্দকৃত পরিত্যাক্ত অলামত সমূহ গ্রহণপূর্বক সাধারণ ডায়েরী করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দ তালিকাসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানার সাধারণ ডায়েরী নং-৪৯১, তারিখ-০৯/০৯/২০২৪। এ সময় র‌্যাব-৮ এর অস্থায়ী র‌্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ জামাল উদ্দিনসহ ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।