নেতা-কর্মীদের রেখে পালিয়েছেন শেখ হাসিনা : হাফিজ ইব্রাহিম

মোঃ মিরাজ হোসাইন ॥ আওয়ামীলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহীম বলেন, আপনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের রেখে পালিয়েছেন। পালানোর সময় নাম-গন্ধও মুছে দিয়ে গেছেন। শেখ হাসিনা দেশে ফিরে আসার আর সুযোগ নেই। রবিবার বিকেলে ভোলার উপ-শহর বাংলাবাজার এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেকে আওয়ামীলীগের দুঃশাসনের সময় নির্যাতিত হয়েছেন। ভোলা-১ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি তোফায়েল আহমেদের আত্মীয়-স্বজনের হাতে অনেকেই নির্যাতিত হয়েছেন। তাদের অত্যাচার নির্যাতন ও চাঁদাবাজির কাছে বিএনপি নেতা-কর্মীরা ছিল অসহায়। বর্তমানে দেশে এখন অন্তবর্তীকালীন সরকার রয়েছে। আপনারা কেউ শান্তি শৃঙ্খলার বিঘœ ঘটাবেন না। প্রতিশোধ নিতে আইন হাতে তুলে নেবেন না।
হাফিজ ইব্রাহীম বিএনপি সরকারের আমলে ব্যাপক উন্নয়নের কথা স্মরণ করে দিয়ে স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমি বিএনপি সরকারের সময় বাংলাবাজারকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর করার জন্য উন্নয়নমূলক অনেক কাজ করেছি। বিগত ১৭ বছর পর এখন এসে দেখি বাংলাবাজার একটি নোংরায় পরিণত হয়েছে।
দৌলতখান উপজেলা দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহে আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান বাচু মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কবির হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, বাংলাবাজার আঞ্চলিক বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মনির, দৌলতখান উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৌলতখান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির প্রমূখ।
