দৌলতখানে সড়কে শৃঙ্খলা ও আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

মোঃ মিরাজ হোসাইন ॥ ভোলার দৌলতখানে বিভিন্ন সড়ক থেকে ময়লা আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্বও পালন করেন। শুক্রবার (৯ আগস্ট) সকালে দৌলতখান বাজারের দক্ষিণ মাথা, উত্তর মাথা ও বিভিন্ন স্থানে নিজ নিজ দায়িত্বে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষার্থীরা।
সড়কের ময়লা আবর্জনা অপসারণ করতে আসা শিক্ষার্থীরা জানান, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সড়ক থেকে ময়লা আবর্জনা অপসারণের কাজ করছেন। তারা ঝাড়ু দিয়ে মহাসড়ক পরিষ্কার করছেন। শহীদ মিনারও পরিষ্কার করছেন। ময়লা আবর্জনা বস্তায় ভরে নির্দিষ্ট ডাম্পিং এরিয়ায় নিয়ে ফেলছেন। এসময় তাদেরকে পানি ও শুকনো খাবার দিচ্ছেন সাধারণ মানুষ।
শিক্ষার্থীদের সঙ্গে এসব কাজে যোগ দেয় উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এলাকাবাসী বলছেন, সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি শিক্ষার্থীরা মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের মতো কাজ করছে। এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। আমাদের সবাইকে তাদের সাপোর্ট করা উচিৎ। তারুণ্যের হাতে এগিয়ে যাবে বাংলাদেশ।
