ব্যক্তিগত উদ্যোগে দৌলতখানে বৃক্ষরোপণ করেলেন ডাক্তার রাজ

মোঃ মিরাজ হোসাইন ॥ সবুজ বনায়নে বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্যোগে ভোলার দৌলতখান সুকদেব মদনমোহন মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর পূর্ব চরখলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ আফতাব ইউসুফ রাজ। শুক্রবার (৫ জুলাই) সকাল ৯টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় সুকদেব মদনমোহন বিদ্যালয়ের সভাপতি আবু তাহের রতন মাস্টার, উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান হারুন এবং অন্যান্য শিক্ষকসহ বিদ্যালয় ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এসময় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ডাঃ রাজ বিদ্যালয়ের চত্বরে গাছের চারা হাতে নিয়ে লাইনে দাঁড়ানো স্বত:স্ফূর্ত ও সুশৃঙ্খল শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও কুশলাদি বিনিময় করেন।

চারা রোপণ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রাজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে নির্মল পরিবেশের জন্য তিনি ব্যাক্তিগত উদ্যোগে ও নিজস্ব তহবিল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে শিক্ষা-প্রতিষ্ঠানে চারা রোপণ করেছেন। দূষণমুক্ত আবহাওয়া ও পরিবেশ বাঁচাতে এসব গাছের চারার মধ্যে ঔষধি বনজ ও ফলজ গাছের চারা রয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, তাপমাত্রা বাড়ার ফলে আবহাওয়ায় বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। খালি জায়গায়, স্কুলে ও রাস্তার পাশেও গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মত আমাদের সামর্থ অনুযায়ী খালি জায়গায় গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করতে হবে।
