ভোলায় বৃত্তিপ্রাপ্ত শিশু শিক্ষার্থীদের সংবর্ধনা : ক্রেষ্ট ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় বৃত্তিপ্রাপ্ত শিশু শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার আলীনগর স্কুল এন্ড কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের ৩ শিক্ষার্থীদের মাঝে এ ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ওই পরীক্ষায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাহেবের কাচারী এলাকায় অবস্থিত ‘লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন’ অংশগ্রহণ করে। তাদের প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের মধ্য থেকে ৩ জন শিশু শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- নার্সারী’র বিবি খাদিজা, মেহেরান জারিফ ও ১ম শ্রেণীর সামিউল ইসলাম রোহান।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন এর বর্তমান পরিচালক আমিরুল মোমিনিন মোমিনের পরিচালনা ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি মোঃ আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম, পিটিআইর প্রশিক্ষক চন্দ্র শেখর ব্রহ্মচারী। এছাড়াও অনুষ্ঠানে অত্র এলাকার সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম, আজাদ জমদ্দারসহ এলাকার গন্যমান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে জাতীয় কবি নজরুল ইসলাম ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় একাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে মেহের আফরোজ রুহি, দ্বিতীয় স্থান অধিকার করে হালিমা বিনতে ছাপা, তৃতীয় স্থান অধিকার করে সাওদা মাহান। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
