বোরহানউদ্দিনে জেলেদের চাল পাওয়া গেল মুদি দোকানে

ডেস্ক রিপোর্ট ॥ ভোলার বোরহানউদ্দিনে মুদি দোকান থেকে জেলেদের খাদ্য সহায়তার ১ হাজার ১শ’ ৭০ কেজি (৩৯ বস্তা) চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার রানিগঞ্জ বাজারের একটি দোকান থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. এমরান জাহিদ খান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলেদের বিনামূল্যে খাদ্য সহায়তার চাল সুবিধাভোগিদের না দিয়ে রানিগঞ্জ বাজারের শাজাহান সিকদারের মুদি দোকানে মজুত করা হয় বিক্রির জন্য। এমন খবর পেয়ে বোরহানউদ্দিনের সহকারী কমিশনার এমরান জাহিদ খান এবং ওসি মো. শাহিন ফকির অভিযান চালিয়ে দোকানে মজুত করা ৩৯ বস্তায় ১ হাজার ১শ’ ৭০ কেজি চাল জব্দ করেন।
এমরান জাহিদ খান জানান, সরকারি চাল যার অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে এবং যে কিনেছেন দুই জনের বিরুদ্ধেই মামলা করা হবে। এছাড়াও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। দোকান মালিক শাজাহান সিকদার জানান, তিনি মমিন ভূঁইয়া নামের এক ব্যক্তির কাছ থেকে দুই টন চাল কিনেছেন। টন প্রতি দাম ৪০ হাজার টাকা।
