ভোলায় ভারতীয় অবৈধ চিনি চোরাকারবারির ২ সদস্য আটক ॥ মালামাল জব্দ

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় ভারতীয় অবৈধ চিনিসহ দুই যুবককে আটক করা হয়েছে। এসময় ওই অবৈধ চিনি বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে। বৃস্পতিবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে শহরের পরানগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে চিনিসহ ট্রাক ও দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি তৎসহ ৪২০/৩৪ পেনাল কোড ধারায় জেলা ডিবি পুলিশের এসআই মোঃ আসাদুজ্জামন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৭৬, জিআর-২৯০/২০২৪, তারিখ-৩০/০৫/২০২৪ইং।
মামলার বিবরণ থেকে জানা গেছে, একটি চোরকারবারি দীর্ঘদিন যাবত ভোলায় অবৈধ চিনি এনে বাজারজাত করছিলেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ ইলিশা জংশন পন্ডিতের হাট ইসলামিয়া মডেল কলেজের সামনে ইলিশা-টু-ভোলা সড়কের উপর কতিপয় চোরাকারবারি অবৈধ ভারতীয় চিনি ট্রাক ভর্তি করে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোলা ডিবি পুলিশের একটি টিম রাত পৌনে ৪টার দিকে উক্ত স্থানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে ২ চোরাকারবারি পালিয়ে যায়। এ সময় ২ চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। তারা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মানদারী বাজার ইউপি’র ২নং ওয়ার্ডের রতনপুর গ্রামের মোঃ তরিকুলের ছেলে মোঃ করিম (৩৮) এবং ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভোটের ঘর এলাকার মোঃ শাহে আলমের ছেলে মোঃ শাহিন (২৫)। এ সময় ট্রাকের মধ্য থেকে ৪০০ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ টাকা।

এছাড়া ঢাকা মেট্রো ট-১৬-৩০৭২ নামীয় একটি কার্গো ট্রাকও জব্দ করা হয়। যার ইঞ্জিন নং-KAH658721, চেসিস নং-MBIA3KWADA RKD2011. পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়। তাদের এই চোরকারবারির সাথে কারা কারা জড়িত তথ্যের জন্য আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে আনিয়া জিজ্ঞাসাবাদের জন্য পৃথকভাবে রিমান্ডের আবেদন করা হয়েছে। এ সব তথ্য নিশ্চিত করেছেন ভোলা ডিবি ওসি মোঃ এনায়েত হোসেন।
