ভোলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মাহে আলম মাহী ৷৷ ভোলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালে বাড়িঘর বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মে) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সাইক্লোন সেন্টারে এ ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।

এছাড়াও এদিন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন, কাচিয়া ইউনিয়নের মাঝের চর ও ভেদুরিয়া ইউনিয়নের দুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় ইউএনও প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তুলে দেন। ত্রাণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা। পরে তিনি ঝূকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, ঝড়ে যারা অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসহায় অবস্থায় রয়েছে, তাদের বাছাই করে প্রধানমন্ত্রী, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়। ত্রাণ বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ ও পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারি ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।