টিবি স্কুলের মাঠে ৪শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় রেমাল দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘূর্ণিঝড় রেমাল অত্যন্ত দক্ষতা ও পরিকল্পনার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। বুধবার (২৯ মে) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ শেষে টিবি স্কুলের মাঠে ৪শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন প্রতিমন্ত্রী।
উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সাতক্ষীরা থেকে বাগেরহাট, বাগেরহাট থেকে খুলনা, খুলনা থেকে বরগুনা, পটুয়াখালী হয়ে ভোলা জেলার সব ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখেছি। আমি দেখেছি রেমেলের আঘাতে আমাদের উপকূলের বেড়িবাধঁগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাগর পাড়ের মানুষের হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর বাড়ি হারিয়ে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে কষ্ট করছে। সর্বত্র বিশুদ্ধ পানির অভাব বিরাজ করছে। দূর্গত মানুষের বিরাজমান এসব সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন।
প্রতিমন্ত্রী বলেছেন, ইতিমধ্যে রিমেলের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারনের জন্য সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে সকল মন্ত্রণালয় নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দূর্যোগমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে। এই সভার মধ্যদিয়ে সকল মন্ত্রণালয়কে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে কাজ করা হবে।
প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, আপনারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তিনি মানুষকে ভালোবাসেন এবং মানুষের জন্য কাজ করেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আশীর্বাদ এবং অহংকার। তিনি মানুষের জন্য কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক প্রমূখ। সভা শেষে প্রতিমন্ত্রী দূর্গত মানুষের মধ্যে ত্রান বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।