ভোলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, প্রস্তুত ৮শ’ ৬৯টি আশ্রয় কেন্দ্র

ইয়ামিন হোসেন ॥ ঘূর্ণিঝড় রেমাল প্রতিরোধে ভোলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা প্রশাসক এর কার্যালয়ে শনিবার সন্ধ্যায় ভোলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে ভোলার পুলিশ সুপার মাহিদুজাম্মান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান, জেলা কৃষি অফিসার হাসান ওয়াসিল কবির, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, রেড ক্রিসেন্টের সেক্রেটারি আজিজুল ইসলাম, ডিএসবি ওসি খায়রুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর পরানগঞ্জ শাখার ডিজিএম আশিকুর রহমানসহ সকল সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে, জেলার ৭ উপজেলায় ৮৬৯টি আশ্রয় কেন্দ্র, ১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। এ ছাড়া সকল দপ্তর প্রস্তুত আছে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল বিষয়ে সতর্ক করতে শনিবার (২৫ মে) সকাল থেকেই উপকূলের বাসিন্দাদের নিরাপদে অবস্থান করতে মাইকিং করছে কোস্টগার্ড।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ৮৫০ প্যাকেট শুকনো খাবার, ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, জেলার ৩শ’ ৩৫ কিলোমিটার বাঁধ রয়েছে, এসব বাঁধ মোটামুটি সুরক্ষিত রয়েছে। কোথায় ঝুঁকিপূর্ণ বাঁধ নেই। তারপরেও বিষয়টির মনিটরিং করা হচ্ছে।
এদিকে ঝড় নিয়ে আতঙ্ক-উৎকণ্ঠার কথা জানান উপকূলের মানুষ। ভোলা সদরের তুলাতুলি এলাকার মিলন, মালেক ও আঃ কাদের বলেন, ঝড় আসবে এমন খবর পেয়েছি, আমরা আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়েছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।