বোরহানউদ্দিনে বিট পুলিশিং সভা ও সিসি ক্যামেরা উদ্বোধন

সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বোরহানউদ্দিন থানার আয়োজনে বিকাল ৫টায় হাসান নগর ইউনিয়নের হাকিমদ্দিন বাজারে বিট পুলিশিং সভা ও সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির বিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাকিমদ্দিন বাজারের ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান নগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সারা দেশের ন্যায় ভোলা জেলাও বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করে নিরাপত্তাকে আরো জোরদার করা সম্ভব। আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য, আপনারা সেবা সূলভ মনভাব নিয়ে আমাদের কাছে আসেন, আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সাহায্য করতে চাই, আমরা সত্যিকারের জনগণের পুলিশ হতে চাই।
তিনি আরো বলেন, এখানে অত্যাধুনিক ইন্টারনেট ভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২৪ ঘন্টা কন্ট্রোল রুমে এসব ক্যামেরা মনিটরিং করা হবে। কোনও অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তা পুলিশের নজরদারিতে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।