সকালের ঘটনা চেয়ারম্যান শুনেছেন রাতে
ভোলার চরসামাইয়ায় ২০ বছরের রাস্তার গলার কাঁটা ফুলজান ॥ এলাকাবাসীর ক্ষোভ

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ৫নং ওয়ার্ডে ২০ বছরের চলাচলের রাস্তার গলারকাঁটা এখন স্থানীয় নজু মেম্বারের বোন মৃত আলমগীরের স্ত্রী ফুলজান বেগম (আংকুর)। রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণ করতেছে ফুলজান বেগম (আংকুর)। এ ঘটনায় চাঁপা ক্ষোভ বিরাজ করছে পথচারীদের মধ্যে। প্রভাবশালী বলে ফুলজান বেগম (আংকুর)’র রাস্তা দখলের বিষয়ে প্রকাশ্য প্রতিবাদ করার সাহস পাচ্ছে না এলাকাবাসী। প্রতিবাদ করলেই মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিচ্ছেন ফুলজান বেগম (আংকুর)।
সরজমিন চরসামাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় পাকা রাস্তার থেকে পশ্চিমে খালপাড় দিয়ে একটি সড়ক চলে গেছে। স্থানীয় বাসিন্দারা এই রাস্তাটি তৈরি করেছে, যার বয়স আনুমানিক ২০ বছর। প্রতিদিন শতশত পথচারী চলাচল করে এই রাস্তা দিয়ে। কিন্তু হঠাৎ স্থানীয় নজু মেম্বারের বোন ফুলজান বেগম (আংকুর) ঢাকা থেকে এসে পাকা করে দোকান ঘর নির্মাণ করছে।

এলাকাবাসী এ বিষয়ে চাঁপা ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু প্রকাশ্য প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ। ওই এলাকার রফিজল, জামাল, মহসিন বলেন, এই রাস্তাটির বয়স আনুমানিক ২০ বছর। এ রাস্তা দিয়ে দৈনিক শতশত পথচারী চলাচল করে। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে আজ নজু মেম্বারের বোন দোকান ঘর নির্মাণ করছে।
ফুলজান বেগম (আংকুর) বলেন, এই রাস্তার জমি আমার, আমি একবার রাস্তা বন্ধ করে দিয়েছি আবার পরিষদের লোক এসে ছেড়ে দিয়েছে; এই বার আর দিবো না। তবে রাস্তার বয়স ২০ বছর এটা তিনি স্বীকার করেছেন। রাস্তা বন্ধ করার অধিকার তো আপনার নাই এমন প্রশ্ন করলে ফুলজান বলেন, আমি জানিনা; আমার ভাই মেম্বারের সাথে কথা বলেন।
চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর বলেন, আমি লোক মারফত এই মাত্রা (রাত ৯:২৫ মিনিট) খবর শুনেছি, অন্য কেউ আমাকে বলেনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে ঘটনাস্থলে চেয়ারম্যানের একাধিক লোক থাকা সত্ত্বেও তিনি খবর পাননি এটা সাধারণ মানুষ মানতে নারাজ। অথচ ঘটনাস্থল থেকে তার বাড়ী মাত্র আধা কিলোমিটার দূরে। ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
