ভোলায় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা অসুস্থ্য

ভোলায় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে এসে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম মিয়া (৬২)। তিনি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ভোলা সদর হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সেলিম মিয়া শনিবার রাতে ভোলার বাণী’কে জানান, ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে দৌলতখানের দলীয় নেতা-কর্মীদের সাথে শনিবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের সম্মেলনস্থলে আসেন। দুপুরে তীব্র গরমের কারনে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দলীয় নেতা-কর্মী ও পুলিশ অসুস্থ আওয়ামী লীগ নেতা সেলিম মিয়াকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসকরা রাত ১০টায় জানান, আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া এখন অনেকটা সুস্থ। তিনি আগেও হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই তাকে অন্তত শনিবার রাত পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন থেকে চিকিৎসকের তত্বাবধানে থাকতে হবে।
