চরফ্যাশনে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় ৪০০ জন সমুদ্রগামী ট্রলারের জেলেদের মাঝে লাইফজ্যাকেট বিতরণ করা হয়। গত ১৮ এপ্রিল চরফ্যাশন উপজেলাধীন দক্ষিণ আইচা থানার ৯ নং চর মানিকা ইউনিয়নে আয়োজিত লাইফ জ্যাকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউপি সদস্য মোঃ বেল্লাল হাওলাদার, প্রসপারিটি প্রকল্পের সহকারী প্রোগ্রাম-কো অর্ডিনেটর জনাব মোঃ বশির আহম্মেদ।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (প্রোগ্রাম) মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়নের ৯০ শতাংশ মানুষ জেলে তারা জীবনের ঝুকি নিয়ে মাছ ধরতে সাগরে যায়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের নিরাপত্তার কথা ভেবে লাইফ জ্যাকেট বিতরণ করছে আমি জেলেদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অনুষ্ঠানের সভাপতি বলেন, গ্রামীণ জন উন্নয়ণ সংস্থা ভোলা জেলার চারটি ইউনিয়নের মোট ১১০০০ জন জেলেকে নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। আমরা জেলেদের আধুনিকায়ন, আয় বৃদ্ধি এবং সচেতন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোঃ নাসির উদ্দিন প্রামানিক। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শুরু করে এই প্রকল্পের মাধ্যমে মোট ৩৫০০ জন জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
