বোরহানউদ্দিনে স্বামীকে জেলে পাঠিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালদিঘীর পাড় এলাকায় চকিদার বাড়িতে জসিম মাতাব্বরের স্ত্রী মৌসুমি আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হত্যার চেষ্টা চালানো হয় ওই নারীকে। আহত মৌসুমিকে গুরুতর আহত অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে মৌসুমির বাড়িতে এ ঘটনা ঘটে। একই এলাকার ফিরোজের স্ত্রী ময়না ও মায়ানুরসহ আনামিয়া ওরফে গেদু মিয়া গংদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেন ভুক্তভোগী মৌসুমি বেগম।
আহত মৌসুমি আক্তার অভিযোগ করে বলেন, হামলাকারী ময়না ও মায়ানুরসহ আনামিয়া ওরফে গেদু মিয়া গংদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলমান আছে। জমি নিয়ে বিরোধের জেরে আমার স্বামী জসিম মাতাব্বরের বিরুদ্ধে তাদের বাক প্রতিবন্ধী (বোবা) মেয়েকে দিয়ে এসিড নিক্ষেপ ও ধর্ষণের নাটক সাজিয়ে একটি মামলা দেয়। সেই মালায় আমার স্বামী জসিম মাতাব্বর জেল হাজতে রয়েছে। আমি বাড়িতে একা থাকায় অসহায়ত্বের সুযোগে কয়েক দিন আগে আমার ঘরে আগুন দেয় হামলা কারীরা। শুক্রবার দুপুরে আমার কাছ থেকে ব্ল্যাংক স্ট্যাম্পে সই করিয়ে নেওয়ার জন্য আমার বাড়িতে গিয়ে আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমাকে হত্যার চেষ্টা চালায় তারা। আমার ডাক চিৎকারে আশপাশের লোক এসে আমাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতলে ভর্তি করে। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কামনা করছি।
অন্যদিকে অভিযুক্ত আনামিয়া ওরফে গেদু মিয়া গংদের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা এ ব্যাপারে কিছুই জানি না। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মোঃ তারেক জানান, আমি রুগী দেখেছি; তবে রুগীর অবস্থা একটু খারাপ। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম) জানান, অভিযোগ পেলে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
