ভোলায় আরো ২৭ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় আরও ২৭ জেলেকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ভোলা সদর উপজেলার ৬ জন এবং চরফ্যাশন উপজেলার ১৪ জন। এদের মধ্যে ৬ জনকে জেল-জরিমানা করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। পরে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ নিয়ে ৩ দিনে ভোলা জেলায় এ পর্যন্ত ৪৮ জন জেলেকে আটক করা হয়েছে। এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ভোলায় কোস্ট গার্ডের পক্ষ থেকে জেলেদের মাঝে প্রচার-প্রচারণা করা হয়েছে। সকাল থেকে ভোলার ইলিশা মেঘনা নদীর মাছ ঘাটসহ বিভিন্ন ঘাটে জেলেদের মাঝে এই প্রচার-প্রচারণা চালায়। এ সময় কোস্ট গার্ডের ৩ টি টিম নদীকে জেলে মুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ভোলা সদর উপজেলার ইলিশা পয়েন্ট থেকে মনপুরা উপজেলার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর জেলার চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
