ভোলায় জাতীয় বীমা দিবস পালিত

“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সাথে এক যোগে ভোলায় পালিত হয় জাতীয় বীমা দিবস-২০২২। দিবসটি উপলক্ষে সোমবার (১ মার্চ) সকাল ১০ টায় জীবন বীমা কর্পোরেশন ভোলা কার্যালয়ের এজিএম কাজী মোঃ মাহাফুজ উল্লাহর নেতৃত্বে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ভোলায় পরিচালিত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমি নিজেও একজন বীমা গ্রাহক। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সনে আলফা নামে একটি জীবন বীমায় চাকরী করতেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সাল থেকে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন এবং বীমা খাতকে অনেক উন্নতির স্থানে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রতিটি মানুষের বীমা করা উচিত। এসময় জীবন বীমা কর্পোরেশন এর ভোলা কার্যালয়ের এজিএম কাজী মোঃ মাহফুজ উল্লা বীমা খাতের বিভিন্ন ভালো দিক তুলে ধরেন।
