জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম আবু পাড়ায় জুম চাষের জমি নিয়ে বিরোধের জের ধরে গ্রামবাসীর হামলায় পাড়ার প্রধান (কারবারি) লেং রুই ম্রো (৬০) এবং ৪ ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্গম গ্যালেঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডভুক্ত আবু পাড়ায় এ ঘটনা ঘটে। রুমা মুরুং বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের একটি দল শুক্রবার সকালে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় দুপুর ৩টা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, জুম চাষের জমি নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে একটি শালিশ বসে। এতে কারবারির সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে গ্রামের বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের দা দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন লেং রুই ম্রো (কারবারি) এবং তার বড় ছেলে রুই থুই ম্রো (৪৫)। গুরুতর আহত কারবারির অপর ৩ ছেলে লেং রুং ম্রো (৪২), মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫) পরে মারা যান বলে জানতে পেরেছি। মেনরত ম্রো জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
