খানা-খন্দে ভড়া ভোলার ছোট আলগী’র মূল সড়ক ॥ জনগণের দুর্ভোগ চরমে

খানা-খন্দে ভড়া ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ড ছোট আলগীর মূল সড়কটি। মক্কী জামে মসজিদ থেকে প্রায় ২ কিলোমিটারের রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিনই স্কুল, কলেজ এবং এলাকার অন্তত প্রায় ১০ হাজারের অধিক মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। রাস্তার বেহাল দশায় এখানকার মানুষের জন্য এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই সড়কে রয়েছে, ১টি মাধ্যমিক, ২টি প্রাইমারী স্কুল ও ১টি দাখিল মাদরাসা। সড়কটি ভাঙ্গার কারণে সড়কে প্রতিদিনই ঘটছে, ছোট-বড় দুর্ঘটনা। দীর্ঘ প্রায় ৫ বছর আগে এ সড়কটি সংস্কার করা হয়েছিল। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির কারণে এলাকাবাসির জনদুর্ভোগ চরম আকারে ধারণ করছে। এই সড়কের প্রায় ৬০-৭০ ভাগ জায়গা নষ্ট হয়ে গিয়েছে। তাই এলাকার মানুষ চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
সরজমিনে দেখা গেছে সড়কটিতে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে, রিকশা, অটো, নছিমন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে প্রায়-ই। এই রাস্তার নাম শুনলেই রিকশা বা গাড়ি যেতে চায় না, যদিও আসে গুনতে হয় দ্বিগুন ভাড়া। আর বৃষ্টি হলে তো কথাই নেই, তখন রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পরে। ছোট বড় গর্ত থাকার কারণে সেখানে পানি জমে থাকে। এ কারণে রাতের বেলায় সড়কটি দিয়ে চলতে গিয়ে হিমশিম খেতে হয় এলাকার জনগণের। রাস্তাটি সংস্কার করণের দাবি এলাকাবাসীর থাকলেও তাদের ডাকে সাড়া দেয়নি জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কেউ। সড়কটি দিয়ে ৮-১০ গ্রামের লোকজন যাতায়েত করে।
এলাকাবাসী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলায় এতো উন্নয়ন করেছে যা ভোলার মানুষ কখনো ভুলবে না। যে ভোলার কোথাও কোনো কাঁচা রাস্তা নাই, সেখানে ভোলা শহরের সাথে এই রাস্তাটি কেনো এতটা অবহেলিত। সেখানের সাধারণ জনগণ জানান, আমরা কেনো উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। এলাকাবাসীর দাবি দ্রুত সড়কটি যেন সংস্কার করা হয়।
