লালমোহনে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

ভোলার লালমোহনে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জিএম বাজারের দক্ষিণে পাকার মাথা নামক এলাকায় মেসার্স রাফেয়া ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক ফরিদ জানান, প্রতিদিনের মত রাত প্রায় সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। শনিবার ফজরের নামাজ পড়তে এসে তিনি দেখেন দোকানের সার্টারের দুইটি তালার একটিও নেই। দোকান খোলা। তখন স্থানীয় অন্যদেরকে সাথে নিয়ে দোকানের ভিতরে ঢুকে দেখেন ভিতরের কীটনাশকের ঔষদের ফুল ২টি তাকের কোন কার্টুন নেই এবং তাকের উপরে রাখা দামী ঔষদগুলো নেই। ক্যাশে নগদ ৪২ হাজার টাকা ছিলো ক্যাশ ভেঙ্গে টাকাও নিয়ে যায়।
ফরিদ আরো জানান, তার দোকানে হালখাতা চলছিলো। ফরিদের ধারনা বস্তা ভরে চোরেরা কীটনাশকগুলো নিয়ে গেছে। তিনি আরও বলেন, চোরেরা নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। তালা দুইটিকে মনে হয় লোহার শাবল দিয়ে চোরেরা খুলে ফেলে ভিতরের মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে লালমোহন থানায় সাধারন ডায়েরী করেছেন।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
