দক্ষিণ দিঘলদী চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপন এর উঠান বৈঠকে জনতার ঢল

পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ। সেই ধারাবাহিকতায় ১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী ইফতারুল হাসান স্বপন নিয়মিত চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। ইফতারুল হাসান স্বপন কে চেয়ারম্যান পদে বিজয়ী করতে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন এর ২নং ওয়ার্ড বাসীর আয়োজনে বুধবার (২২ ডিসেম্বর) রাতে আমেরিকান বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন মাস্টার এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে দক্ষিণ বালিয়া গ্রামের দলমত নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন। সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত উঠান বৈঠকে নেমে আসে জনতার ঢল।
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপন বলেন, আমার বাবা নেই; আমার চাচা সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি আমাদেরকে লালন পালন করে বড় করেছেন। আমার চাচাকে দক্ষিণ দিঘলদী মানুষ ভালোবাসতেন, আমিও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চেয়ারম্যান থাকাকালীন আমি দক্ষিণ দিঘলদী ইউনিয়নবাসীকে সরকারি এবং প্রকল্প ভিত্তিক যত সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল তা ইনসাফের ভিত্তিতে দেওয়ার চেষ্টা করেছি। দক্ষিণ দিঘলদী ইউনিয়নকে জুয়া ও মাদকমুক্ত রাখতে নিজে উপস্থিত হয়ে জুয়ারি ও মাদকসেবিদের পুলিশে সোপর্দ করেছি। তাই যারা মাদকের সঙ্গে জড়িত তারা আমাকে সমর্থন করবেন না কিন্তু এই ইউনিয়নের সকল ভালো মানুষগুলো আমার পক্ষে আছেন এবং থাকবেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এবারও নৌকা প্রতীক দিয়েছেন এই ইউনিয়নের মানুষের খেদমত করার জন্য। আমি যদি এবারও নির্বাচিত হতে পারি তাহলে কথা দিলাম দক্ষিণ দিঘলদী ইউনিয়নকে জুয়া, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করব। এসময় ভোলা-১ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি এর হাতকে আরও শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৫ জানুয়ারি নৌকা মার্কায় ভোট ও সমর্থন চেয়েছেন তিনি।
দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মোল্লা ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল আজিজ, আসাদুজ্জামান হাসান, হারুনুর রশিদ, রিপা বেগম, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী ছকিনা বেগম এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।
