বাপ্তায় চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মোল্লার উঠান বৈঠকে জনতার ঢল

পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ। সেই ধারাবাহিকতায় ৫ নং বাপ্তা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা নিয়মিত চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।

বিপ্লব মোল্লাকে চেয়ারম্যান পদে বিজয়ী করতে বাপ্তা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড বাসীর আয়োজনে বুধবার (২২ ডিসেম্বর) বিকালে চরনাপ্তা শহীদ মাল বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন মাল এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে চরনাপ্তা গ্রামের দলমত নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন। সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত উঠান বৈঠকে নেমে আসে জনতার ঢল।

উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা বলেন, আমার বাবা চৌধুরী মোল্লা বাপ্তা ইউনিয়ন পরিষদ এর সাবেক সফল ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। বাপ্তা ইউনিয়ন এর মানুষ তাকে ভালোবাসতেন। আমিও বাপ্তা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চেয়ারম্যান থাকাকালীন আমি বাপ্তা ইউনিয়নবাসীকে সরকারি এবং প্রকল্প ভিত্তিক যত সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল তা ইনসাফের ভিত্তিতে দেওয়ার চেষ্টা করেছি। বাপ্তা ইউনিয়নকে জুয়া ও মাদকমুক্ত রাখতে নিজে উপস্থিত হয়ে জুয়ারি ও মাদকসেবিদের পুলিশে সোপর্দ করেছি। তাই যারা মাদকের সঙ্গে জড়িত তারা আমাকে সমর্থন করবেন না কিন্তু এই ইউনিয়নের সকল ভালো মানুষগুলো আমার পক্ষে আছেন এবং থাকবেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এবারও নৌকা প্রতীক দিয়েছেন এই ইউনিয়নের মানুষের খেদমত করার জন্য। আমি যদি এবারও নির্বাচিত হতে পারি তাহলে কথা দিলাম বাপ্তা ইউনিয়নকে জুয়া, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করব।

এসময় ভোলা-১ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি এর হাতকে আরও শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৫ জানুয়ারি নৌকা মার্কায় ভোট ও সমর্থন চেয়েছেন তিনি।

বাপ্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান এর সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাপ্তা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ মাল, আলতাজের রহমান কলেজের শিক্ষক মোঃ এনায়েত উল্লাহ, ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাহীন মাল, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী আকলিমা বেগম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোশারেফ হোসেন মাল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।