বোরহানউদ্দিনে নৌকার সমর্থকদের উপর অতর্কিত হামলা ॥ আহত-৮

ভোলার বোরহানউদ্দিনে ৩নং দেউলা ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী শাহজাদা তালুকদার ও তার কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের আনারস প্রতীকের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুলের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, রবিবার ১২ ডিসেম্বর রাত ১১ টায় দেউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রচার প্রচারণা শেষে বাসায় ফিরছিলেন নৌকার প্রার্থী শাহজাদা তালুকদারের কর্মী-সমর্থকরা। তারা শান্তিরহাট বাজার অতিক্রম করার সময় হঠাৎ পিছন থেকে কালো মুখোশ পড়ে হামলা করে বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল ও তার কর্মী সর্মথকরা। হামলায় গুরুতর আহত হন দেউলা ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল তালুকদার, যুবলীগের সদস্য বাছেদ তালুকদার, রমিজ তালুকদার, সাকিবুল ইসলাম, হাসান তালুকদার, হারুন মাঝি, সহ মোট ৮জন।
সরজমিনে গতকাল রবিবার রাত ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় আহতদের চিৎকারে যেন হাসপাতাল ভরপুর, অনেকেই যন্ত্রণা সহ্য করতে না পেরে গড়াগড়ি খাচ্ছে।
নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজাদা তালুকদার রবিবার রাতে ভোলার বাণী’কে বলেন, কি অপরাধ ছিল আমার ? কি অপরাধ ছিল আমার কর্মী-সমর্থকদের ? যে আমরা নৌকার প্রচার-প্রচারণা করতে পারবে না ? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন এটাই কি আমার অপরাধ ? যে আমি নৌকার পক্ষে লড়াই করছি ?
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবস্থার অবনতি দেখে ভোলা সদর হাসপাতালে ৪ জনকে স্থানান্তর করা হয়েছে বলে জানা জানান তিনি। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আমার কথা শুনছেন না। আমাদের উপর স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলা করেন আবার উল্টো আমার লোকজনকে পুলিশ খুজে বেড়ায় এবং তাদেরকেই হয়রানি করা হচ্ছে এর কারণ ও বুজতে পারছি না।
এ বিষয়ে জানতে চাইলে দেউলা ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবুল বলেন, আমি পা ভাঙ্গা নিয়ে বোরহানউদ্দিন পৌরসভায় এক স্বজন এর বাসায় অবস্থান করছি, এ বিষয়ে আমি কিছুই জানি না।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির জানান, এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
বোরহানউদ্দিন উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আমরা ঘটনাটি শুনছি এবং বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।