ইউপি নির্বাচন : বোরহানউদ্দিনে সহিংসতা থামছে না

চতুর্থ ধাপে ভোলার বোরহানউদ্দিনে ইউপি নির্বাচনে সহিংসতা যেন থামছেই না। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়ছে। একের পর এক হামলা-সংঘর্ষের ঘটনা ঘটছে। আর নির্বাচন অফিসেও জমা পড়ছে একের পর এক অভিযোগ। নির্বাচন অফিস থেকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ বেশ কয়েক জন প্রার্থীকে সতর্ক ও কারন দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু এরপর থামছে না সহিংসতা।
সোমবার সকালেও উপজেলার হাসান নগর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে আহত করেছে প্রতিপক্ষ আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী) কর্মীকে। হামলায় গুরুতর আহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সরোয়ার কাজী।
আজাদ সহ স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে হাসান নগর ইউনিয়নের কাজীর হাট বাজারে ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য এবং বই প্রতীকের সংরক্ষিত আসনের ইউপি সদস্য প্রার্থী শেলিনা বেগমের স্বামী আমজাদ হোসেন তার স্ত্রীর পক্ষে প্রচারনা চালাচ্ছিলেন। এ সময় ওই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবেদ চৌধুরীর কর্মী-সমর্থকরা তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেছে। আহত নারী সদস্যের স্বামী আমজাদ হোসেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শিহান চৌধুরীরও একজন কর্মী।
হাসান নগর ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শিহান চৌধুরী জানান, নির্বাচনকে কেন্দ্র করে মেঘনার জলদস্যু এনে তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন। এ ব্যাপারে নির্বাচন অফিসে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, উপজেলার অধিকাংশ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বি প্রার্থী হচ্ছে আওয়ামী লীগ। তাই, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ উপজেলায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষ-সহিংসতা যেন চলছেই। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। এর আগে পক্ষিয়া, দেউলা ও টগবী ইউনিয়নে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে ওই তিন ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন প্রতিপক্ষ স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থীর লোকজনের উপর হামলা চালিয়ে যাচ্ছে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা। তারা বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা এসব মিথ্যা অভিযোগ করছেন।
এসব বিষয়ে বোরহানউদ্দিন নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল্লাহ ভোলার বাণী’কে জানান, গতকাল হাসান নগর ইউনিয়নে সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত রয়েছে বলেও দাবি করেন তিনি। নির্বাচন অফিসার আরও বলেন, এ পর্যন্ত প্রায় ১০ জন প্রার্থী নির্বাচন অফিসে অভিযোগ দাখিল করেছেন। ইতিমধ্যে অনেক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। করা হয়েছে সতর্ক। এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, প্রার্থী ও ভোটাররা যাতে আইনগত সহায়তা পান সেভাবে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এ উপজেলার ১২টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।