ভোলায় ইসলামিক কমপ্লেক্সে-এ হাফেজ ছাত্রদের সংবর্ধনা ও সবক অনুষ্ঠান

ভোলায় সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকন্লজিক্যাল সাপোর্ট (এস,এস,টি,এস) বাংলাদেশ পরিচালিত আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে সোমবার (২৯ নভেম্বর) হিফজ সবক ও হাফেজ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ভোলা দারুল হাদীস আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানে হিফজ সমাপনকারী ৮জন ছাত্রকে সংবর্ধনা দেয়া হয়। ১৭জনকে হিফজ সবক ও ১৩জন ছাত্রকে নাজেরা সবক প্রদান করা হয়। আলোচনায় বক্তাগণ ছাত্রদেরকে হিফজুল কুরআন এর পাশাপাশি অনুবাদ, মাসাইল ও আধুনিক শিক্ষা অর্জন করার প্রতি উদ্বুদ্ধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এস,এস,টি,এস বাংলাদেশ এর হিফজুল কুরআন বিভাগের প্রধান পরিচালক হাফেজ ক্বারী মাওঃ বক্বর রাজ্জাজ বলেন, হাদীস এর সনদের মতো কুরআনুল কারীমের প্রতিটি আয়াত প্রতিটি শব্দ, হরফ ও উচ্চারণের সনদ সয়ং রাসূল (সা.) পর্যন্ত বিদ্যমান রয়েছে। ইহা এমন একটি কিতাব যা অন্যান্য বইয়ের মতো নিজে নিজে বা দেখে দেখে শিখা যায় না। ওস্তাদ বা শিক্ষকের মাধ্যমেই শিখতে হয়। বাংলাদেশে হাদীসের সনদের প্রতি গুরুত্ব থাকলেও কুরআনের সনদের প্রতি ততটা গুরুত্ব দেখা যায় না। এস,এস,টি,এস এর প্রতিষ্ঠানসমূহে এ শিক্ষা চালু করা হয়েছে। তিনি সকল প্রতিষ্ঠানে এ শিক্ষা চালু করার আহ্বান করেন।
সভাপতির বক্তব্যে মোবাশ্বেরুল হক নাঈম বলেন, আগের দিনে মুসলিম সন্তানদের জীবনের প্রথম সবক ছিল মক্তবে কায়দা, আমপারা, আলিফ-লাম ও কুরআন শরীফ এর সবক। তখন মানুষের মাঝে শান্তি-সমপ্রীতি, সহযোগীতা, সামাজিকতা, আদর্শ ও নৈতিকতা সুন্দর ভাবে বিরাজমান ছিল। আবার এ কুরআন শিক্ষার মাধ্যমেই তা ফিরিয়ে আনা সম্ভব। এটিই সর্বোত্তম শিক্ষা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ লোকমান হোসেন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার প্রধান মোহাদ্দিস মাওঃ ফয়জুল্লাহ, চন্দ্রপ্রসাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আঃ লতিফ, ধনিয়া হোছাইনিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওঃ এ কে এম বশিরুল্লাহ, পরানগঞ্জ দাখিল মাদরাসার সুপার মাওঃ মীর বেলায়েত হোসেন, দক্ষিণ জামিরালতা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেন আজাদ প্রমূখ।
