ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এবারের সেমিনারের প্রতিপাদ্য ছিল মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’। ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা কার্যালয়ের সহযোগিতায় মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
এসময় সেমিনারে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এম এ তাহের, ক্যাব এর সভাপতি মোবাশ্বেরউল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সুলাইমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, জেলা বাজার অনুসন্ধানকারী মোস্তফা সোহেল প্রমুখ।
সেমিনারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান, আব্দুর রব স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ বেগম শাফিয়া খাতুন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র দাস, পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন ব্যবসায়িক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণের উপর বর্তমান সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছে। এজন্য ২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি প্রণীত হয়েছে। ভোক্তাদের অধিকার ক্ষুন্ন হলে বা লঙ্ঘিত হলে এই আইনে যে কোন ভোক্তাই অভিযোগ করে অতিসহজেই আইনানুগ প্রতিকার পেতে পারে। তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রণীত এই আইন ও ভোক্তাদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।
