ভোলা জেলা জজের বদলির প্রতিবাদে মানববন্ধন

ভোলায় জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক মাসুম এর বদলির প্রতিবাদে ও তার পূর্নবহালের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে আদালতের বিচার বিভাগীয় কর্মচারিবৃন্দ ও সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে এক পথসভায় বক্তৃতা করেন বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন ভোলা জেলা শাখার আহ্বায়ক মীর ইকবাল, সিনিয়র ষ্টাফ আকরাম আলী, সাংস্কৃতিক কর্মী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবিদুল আলম, জেলা ও দায়রা জজ আদালতের ষ্টাফ আকতার বিপ্লব, মুক্তি প্রমূখ।

পথসভায় বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তা-কর্মচারি এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হবে এটাই স্বাভাবিক। কিন্তু বিগত বছরগুলোতে একজন জেলা ও দায়রা জজ নিয়মের বাহিরে বছরের পর পর ভোলায় চাকরি করেছেন। অথচ যিনি একজন করোনাকালীন সংকটময়ে তিনি নিজে একজন করোনা যোদ্ধা হয়ে একদিকে যেমন সাধারণ অসহায় বিচারপ্রার্থী মানুষের পাশে থেকে সঠিক বিচার পেতে সাহায্য করেছেন অন্যদিকে বিচার ব্যবস্থাকে আরও গতিশীল এবং তরান্বিত করতে তার প্রচেষ্টায় জজ আদালতের দুটি ভবন নির্মানের ব্যবস্থা করেছেন। ফলে সদ্য বদলিকৃত জেলা ও দায়রা জজ ড. মাহমুদুল হক মাসুম সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

কিন্তু একটি সুবিধাবাদী কুচক্রী মহল মাত্র এক বছরের মাথায় তাকে অন্যায়ভাবে বদলি করিয়েছে। যা কোনভাবেই মেনে নেয়া যায়না। তাই তারা অবিলম্বে সদ্য বদলিকৃত জেলা ও দায়রা জজ ড. মাহমুদুল হক মাসুমকে ভোলায় পূর্নবহালের দাবি জানান।
অন্যথায় কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের মাধ্যমে আদালত প্রাঙ্গন অচল করে দেওয়ার কথাও জানানো হয় ওই পথসভা থেকে।
